রাজধানীর পল্টন এলাকায় একটি যাত্রীবাহী বাসের ভিতরে মোঃ মনিরুজ্জামান (৪৫) নামের এক ব্যবসায়ী অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী মনিরুজ্জামান শরীয়তপুরের নড়িয়া উপজেলার হালিশহর গ্রামের আব্দুল্লাহ হাকিম মোল্লার ছেলে। বর্তমানে তিনি কেরানীগঞ্জের কদমতলী এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় বসবাস করেন। তিনি জিন্সের প্যান্টের ব্যবসা করেন বলে জানিয়েছেন স্বজনরা।
আজ বুধবার রাত সাড়ে সাতটার দিকে পল্টনের বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটের সামনে ভিক্টর পরিবহনের একটি বাসের ভেতর এ ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
পথচারী আশরাফ জানান, আজ সন্ধ্যার পর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে ভিক্টর পরিবহন বাসের মধ্যে ওই ব্যক্তি অচেতন অবস্থায় পড়েছিল। আমাদের ধারণা অজ্ঞান পার্টির প্রতারক চক্ররা তাকে নেশা জাতীয় কোন কিছু খাইয়ে অচেতন করে তার কাছ থেকে সবকিছু নিয়ে পালিয়ে গেছে।
পথচারী আরও বলেন, পরে আমরা তাকে উদ্ধার করে তার পকেটে থাকা মোবাইলে তার স্বজনদেরকে বিষয়টি জানাই এবং অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে জরুরী বিভাগের চিকিৎসক তাকে ৭০১ নং ওয়ার্ডে ভর্তি দেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, আজ রাতের দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মেডিসিন বিভাগের ৭০১ নং ওয়ার্ডে ভর্তি দেন। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি অজ্ঞান পার্টির কবলে পড়ে এই ঘটনাটি ঘটেছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ওই ব্যবসায়ী সম্পূর্ণ সুস্থ হলে জানা যাবে কি পরিমান টাকা পয়সা তার কাছ থেকে খোঁয়া গেছে। আমরা ইতিমধ্যেই বিষয়টি পল্টন থানা পুলিশকে অবহিত করেছি।