ইবি থানা পরিদর্শনকালে পেশাদারিত্ব ও নৈতিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ নবাগত এসপির
তিতাস আহম্মেদ
কুষ্টিয়া জেলার নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পরিদর্শন করেছেন ২ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় তিনি এ পরিদর্শনে যান।
পরিদর্শনের শুরুতে পুলিশ সুপার থানায় উপস্থিত অফিসার ও ফোর্সদের রোলকলে অংশ নেন এবং তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন। ব্রিফিংয়ে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রদত্ত করণীয় ও বর্জনীয় বিষয়গুলো উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। এ সময় তিনি সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, নৈতিকতা এবং মূল্যবোধ সমুন্নত রেখে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।রোলকল ও ব্রিফিং শেষে পুলিশ সুপার থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্র পর্যালোচনা এবং অফিসার-ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সরকারি সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা বজায় রাখতে বলেন।
পরিদর্শনকালে কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মামুনুর রশীদসহ থানার অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।