গ্রেপ্তারের পর কারাগারে পল্টু, সামনে আসছে পুরোনো সব অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নলকোলা গ্রামের জুলফিকার আলী পল্টু ও তাঁর ভাই সাইফুল ইসলাম লাল্টু গ্রেপ্তারের পর কারাগারে রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় এসেছে পল্টুর বিরুদ্ধে দীর্ঘদিনের নানা অভিযোগ। এলাকাবাসীর দাবি, একসময় এলাকায় তাঁর নাম ছিল আতঙ্কের কারণ। চাঁদাবাজি, অপহরণ, হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, পল্টু ও তাঁর সহযোগীদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ২০১২ সালে দুই শতাধিক মানুষ গণস্বাক্ষর দিয়ে তৎকালীন পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ ও স্মারকলিপি দিয়েছিলেন। সেখানে ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংঘটিত কয়েকটি গুরুতর অপরাধের বিবরণ তুলে ধরা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০০৪ সালের ৪ জানুয়ারি মিরপুর উপজেলার মালিহাদ গ্রামের শাহাজান আলী মন্ডলের ছেলে ফিরোজকে অস্ত্রের মুখে অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ১২ জানুয়ারি মিরপুর থানায় মামলা করেন শাহাজান আলী মন্ডল। মামলার নম্বর ৮। পরে পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে নলকোলা গ্রামের মানোয়ার মুন্সীর ইটভাটা থেকে অপহৃত ফিরোজকে উদ্ধার করা হয়। এ সময় পল্টুর সহযোগী হিসেবে অভিযুক্ত আলেপকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হলেও পল্টু পালিয়ে যান বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
একই বছরের ২৬ জানুয়ারি গভীর রাতে মিরপুর উপজেলার হালসা ভূতপাড়া গ্রামের জালাল বিশ্বাসের বাড়িতে ঢুকে তাঁর জামাতা আসলাম মন্ডলকে গুলি করে হত্যা করা হয়। আসলাম মন্ডলের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের হাড়ুলিয়া গ্রামে। এ ঘটনায় নিহতের স্ত্রী রহিমা বেগম অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেন। মামলার নম্বর ১৮। এলাকাবাসীর অভিযোগ, হত্যাকাণ্ডের আগে আসলাম মন্ডলের কাছে পল্টুর সহযোগীরা চাঁদা দাবি করেছিল। তবে এ হত্যাকাণ্ডে পল্টুর সম্পৃক্ততা তদন্তে প্রমাণিত হয়েছিল কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এরপর ২০০৬ সালের ২৩ মে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল উত্তরপাড়া গ্রামের মৃত মহির মন্ডলের ছেলে শ্যালো ইঞ্জিনচালিত নছিমনের চালক শহিদুল ইসলাম শহিদকে হত্যা করা হয়। অভিযোগ অনুযায়ী, ডাকাতির উদ্দেশ্যে নলকোলা স্টিল ব্রিজের পাশের বরিশাল ক্যানালের পূর্ব পাশে ভোলাধারী মাঠে যাওয়ার পথে তাঁকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই ওহিদুর মন্ডল ২৪ মে কুষ্টিয়া সদর থানায় মামলা করেন। মামলার নম্বর ২৬। পরবর্তী সময়ে এ হত্যাকাণ্ডের সঙ্গেও পল্টুর সম্পৃক্ততার অভিযোগ তোলেন এলাকাবাসী।
একই বছরের ১৭ জুন পাটিকাবাড়ী ইউনিয়নের সুবোলপুর গ্রামের রহিম মন্ডলের ছেলে মোজাম আলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মোজাম আলী ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ১৯ জুন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় মামলা করেন। মামলার নম্বর ৮। ওই ডাকাতির ঘটনার সঙ্গেও পল্টুর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের।
এলাকাবাসীর ভাষ্য, ২০১২ সালে দুই শতাধিক মানুষের গণস্বাক্ষরসহ অভিযোগ ও স্মারকলিপি দেওয়ার পর প্রশাসনের তৎপরতায় এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকটা কমে আসে। তবে পরবর্তী সময়ে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে পল্টু আবারও এলাকায় প্রভাব বিস্তার করতে থাকেন বলে অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে তিনি তাঁর সহযোগীদের নিয়ে আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করেন বলেও দাবি স্থানীয়দের।
সর্বশেষ গত ১১ নভেম্বর দিবাগত রাতে সন্ত্রাসবিরোধী আইনে জুলফিকার আলী পল্টু ও তাঁর ভাই সাইফুল ইসলাম লাল্টুকে গ্রেপ্তার করে ইবি থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাঁদের আদালতে পাঠানো হয় এবং বর্তমানে তাঁরা কারাগারে রয়েছেন।
এলাকাবাসীর দাবি, পল্টুর বিরুদ্ধে অতীতের অভিযোগগুলো নতুন করে তদন্ত করা হোক। সংশ্লিষ্ট মামলাগুলোর বর্তমান অবস্থা, তদন্তের অগ্রগতি এবং এসব ঘটনায় তাঁর সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখে প্রকৃত রহস্য উদ্ঘাটন করা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
তবে এসব অভিযোগের বিষয়ে জুলফিকার আলী পল্টুর পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জুলফিকার আলী পল্টু ও তাঁর ভাই সাইফুল ইসলাম লাল্টুকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে।