এম'পি আমির হামজার পরিবারের ওপর হামলা
কুষ্টিয়া থেকে জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১ জুন) আছরের নামাজের পর জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত হয়েছেন আমির হামজার শ্যালক ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর ও তার গাড়িচালক সাদ্দাম হোসেন। হামলাকারীরা হলেন হাসাদাহ বাজারের বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও রিমন।
আমির হামজার শ্যালক আবু বক্কর বলেন, কুষ্টিয়া থেকে দুলাভাই আমির হামজা একটি গাড়িতে এবং আমি আর বোনসহ কয়েকজন আরেকটি গাড়িতে জীবননগর আসছিলাম। আমরা হাসাদাহ বাজারে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক আমাদের গতিরোধ করে। বার বার হর্ন দিলেও গাড়ি না সরানোয় আমাদের গাড়িচালক নিচে নেমে কথা বলেন। তখন ওই ইজিবাইক চালক দুঃখ প্রকাশ করেন।
আবু বক্করের দাবি, ওই সময় হঠাৎ রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন এসে তার ওপর হামলা চালায়। তিনি নিজেকে এমপি আমির হামজার শালা পরিচয় দিলে হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। এ সময় তার বোন গাড়ি থেকে নেমে এলে তাকেও এবং এমপি আমির হামজাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার খবর পেয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এমপি আমির হামজা ও তার পরিবারের সদস্যরা জীবননগর থানায় অবস্থান করছেন।
এ বিষয়ে ওসি সোলায়মান সেখ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’