এমপি নুসরাতের বাড়িতে অ"গ্নি"কা"ণ্ড,ত'দ'ন্ত শুরু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক'মি'টি'র, আ'সা'মি গ্রে'প্তা"রে পুলিশের অ'ভি'যা'ন
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত চার সদস্যের তদন্ত কমিটি। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেন কমিটির সদস্যরা। আগামী তিন দিনের মধ্যে সরেজমিন পরিদর্শন শেষে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা রয়েছে কমিটির প্রতি।
তদন্ত কমিটির প্রধান কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব উল ইসলাম জানান, বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। শুক্রবার থেকে কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। অন্য সদস্যরা হলেন- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর মোহাম্মদ আশরাফুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কমিটির সদস্যরা পুড়ে যাওয়া বাড়ির প্রতিটি ক্ষতিগ্রস্ত কক্ষ ও বিভিন্ন স্থান ঘুরে দেখেন। কোন কক্ষ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগুনের সূত্রপাত কোথা থেকে হতে পারে, তা পর্যবেক্ষণ করেন তারা। এ সময় বাড়ির বাসিন্দা শাহ আলম এবং নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের কাছ থেকেও ঘটনার সময়ের বিভিন্ন খুঁটিনাটি বিষয় জানতে চান তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা।
তদন্ত কমিটির প্রধান আহমেদ মাহবুব উল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেয়া হয়েছে। ঘটনার সময় তারা কী দেখেছেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বলে তাদের ধারণা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া আশপাশের প্রতিবেশী ও আত্মীয়স্বজনের বক্তব্যও গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, বাড়িতে স্থাপিত কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। ঘটনার সময় ধারণ করা বিভিন্ন ভিডিও ফুটেজও সংগ্রহ করেছে তদন্ত কমিটি। এসব ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং ঘটনাস্থলের পরিস্থিতি পর্যালোচনা করে অগ্নিকাণ্ডের প্রকৃত উৎস শনাক্তের চেষ্টা করা হবে। পাশাপাশি বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিসের প্রতিবেদনও তদন্তের কাজে বিবেচনায় নেয়া হবে।তদন্ত কমিটির প্রধান আরও বলেন, সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সামগ্রিক পর্যবেক্ষণ প্রতিবেদনে তুলে ধরা হবে। তদন্তে আরও গভীর অনুসন্ধানের প্রয়োজন দেখা দিলে কিংবা কোনো তথ্যের ঘাটতি থাকলে সে অনুযায়ী সুপারিশ করা হবে। প্রয়োজনে ফরেনসিক পরীক্ষা অথবা সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ কারিগরি বিশেষজ্ঞদের মাধ্যমে আরও তদন্তের সুপারিশও করা হতে পারে।এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত নিয়েও কথা বলেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন। তিনি বলেন, বাদী যেভাবে অভিযোগ করেছেন, সেভাবেই মামলা গ্রহণ করা হয়েছে। কেউ মামলা করতে এলে পুলিশ তাকে কোনো ধরনের পরামর্শ বা প্রভাবিত করতে চায় না। অভিযোগের ভিত্তিতে মামলা নেয়া হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃতপক্ষে কী ঘটেছে, কারও সম্পৃক্ততা থাকলে কারা জড়িত এবং ঘটনাটি কীভাবে ঘটেছে, তা বেরিয়ে আসবে।
মামলায় নাম উল্লেখ করা আসামিদের গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, এজাহারভুক্ত আসামিদের ধরতে পুলিশের তৎপরতা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এ জন্য পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। তবে তদন্তের প্রাথমিক পর্যায়ে থাকায় এখনই ঘটনার বিষয়ে কোনো সুনির্দিষ্ট ক্লু বা সিদ্ধান্ত জানানো সম্ভব নয়।
মামলায় নাশকতা, হত্যাচেষ্টা, অগ্নিকাণ্ড ও বেআইনি অনুপ্রবেশের অভিযোগসংক্রান্ত ধারা রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। তিনি আরও বলেন, মামলার তদন্তের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটিও কাজ করছে। দুটি কার্যক্রমই প্রাসঙ্গিক এবং পারস্পরিকভাবে সহায়ক হবে।
ফরেনসিক আলামতের বিষয়ে দেলোয়ার হোসেন জানান, সিআইডি ইতিমধ্যে আলামত সংগ্রহ করে প্রাথমিক একটি মতামত দিয়েছে। তবে সেটি এখনই প্রকাশ করা হচ্ছে না। আদালতের অনুমতি নিয়ে আলামত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। সিআইডির বিশেষজ্ঞ মতামতের পাশাপাশি ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুৎ বিভাগের পর্যবেক্ষণও তদন্তে গুরুত্ব পাবে। পল্লী বিদ্যুৎ বিভাগের এজিএম ঘটনার পর থেকে সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করছেন। সব পক্ষের মতামত ও প্রাপ্ত তথ্য সমন্বিতভাবে বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হবে।