কুষ্টিয়ায় এনসিপির দুই প্রার্থী ঘোষণা, কুষ্টিয়া পৌরসভায় তালহা ও মিরপুরে উপজেলা চেয়ারম্যান ইয়াসির আরাফাত
পাভেল আজিম::
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় দেশের আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘোষিত তালিকায় কুষ্টিয়া থেকে স্থান পেয়েছেন দুইজন। তারা হলেন কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদপ্রার্থী সুলতান মারুফ তালহা এবং মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াসির আরাফাত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দ্বিতীয় দফার এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীবসহ দলের কেন্দ্রীয় নেতারা।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় কুষ্টিয়া পৌরসভার মেয়র পদপ্রার্থী সুলতান মারুফ তালহা বলেন, জাতীয় নাগরিক পার্টি তাঁকে যোগ্য মনে করে যে দায়িত্ব দিয়েছে, এজন্য তিনি কৃতজ্ঞ। সবার দোয়া ও সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান তিনি।
তিনি বলেন, বিগত দিনগুলোতে কুষ্টিয়া পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিয়ে বিভিন্ন সময়ে কাজ করেছেন। বিশেষ করে রাধারহাট মোড় থেকে চালের বাজার এবং চালের বাজার থেকে বড়বাজার পর্যন্ত রাস্তার উন্নয়নসংক্রান্ত কাজে ভূমিকা রেখেছেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ এবং সামাজিক বিভিন্ন কার্যক্রমেও পৌর কর্তৃপক্ষের সঙ্গে কাজ করেছেন।
তালহা আরও বলেন, তিনি শুধু দায়িত্বশীল অবস্থান থেকেই নয়, একজন সাধারণ নাগরিক হিসেবেও পৌরবাসীর জন্য কাজ করতে চান। তাঁর প্রত্যাশা, জনকল্যাণমূলক ও জনবান্ধব কার্যক্রম বাস্তবায়নে পৌরবাসীকে পাশে পাবেন।
এদিকে মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইয়াসির আরাফাতের নাম ঘোষণায় স্থানীয় পর্যায়েও এনসিপির নির্বাচনী তৎপরতা আলোচনায় এসেছে।
উল্লেখ্য, এর আগে গত ১০ মে প্রথম দফায় স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল এনসিপি। তাদের মধ্যে ৬৭ জন উপজেলা চেয়ারম্যান এবং ৩৩ জন পৌর মেয়র পদপ্রার্থী ছিলেন।
দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণার মধ্য দিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলটির নির্বাচনী প্রস্তুতি আরও বিস্তৃত হচ্ছে।