কুষ্টিয়ায় ওয়াপদা ক্যানাল পাড়ে দুই হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ভিপি শহিদ
তিতাস আহম্মেদঃকুষ্টিয়া সদর উপজেলার জি.কে সেচ প্রকল্পের ওয়াপদা ক্যানাল পাড়ে দুই হাজার ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। খুলনা মহসিন হলের সাবেক ভিপি, বিশিষ্ট সমাজসেবক ও পাটিকাবাড়ী ইউনিয়নের খেজুরতলা গ্রামের কৃতী সন্তান শহিদুল ইসলাম (ভিপি শহিদ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে চারা রোপণ করে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
শনিবার (২৫ জুলাই) বিকেলে ওয়াপদা মোড়সংলগ্ন ক্যানাল পাড়ে স্থানীয় বিএনপি নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।
উদ্বোধনকালে ভিপি শহিদ বলেন, মাননীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার, পরিবেশ সংরক্ষণ এবং জনসম্পৃক্ত উন্নয়নের ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ জীবন, বিশুদ্ধ বাতাস এবং জলবায়ু সুরক্ষারও নিশ্চয়তা দেয়।
তিনি আরও বলেন, আমরা রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেও মানুষের কল্যাণে কাজ করতে চাই। কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় ইতোমধ্যে বৃক্ষরোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও খালপাড়ে এই কর্মসূচি অব্যাহত থাকবে। প্রত্যেক নাগরিক যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেন, তবে অল্প সময়ের মধ্যেই আমরা একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে পারব।
গাছ রোপণের পাশাপাশি এর নিয়মিত পরিচর্যার ওপর বিশেষ জোর দিয়ে তিনি বলেন, গাছ লাগানোই যথেষ্ট নয়, এগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্বও আমাদের সবার। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পাটিকাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক, হালসা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, প্রথম শ্রেণীর ঠিকাদার ও আমবাড়ীয়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আহাম্মদ আলী, বিএনপি নেতা হানিফ আলী, নাজমুল হোসেন, শাহাদৎ খানসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রাজনৈতিক কর্মী, সামাজিক ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ।