ভেড়ামারায় মাদরাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সাদিয়া (১৬) নামে দশম শ্রেণির এক মাদরাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি মেঘনাপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাদিয়া ওই এলাকার ইয়ানুর রহমানের মেয়ে এবং বাহাদুরপুর দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার আসিফ নামে এক তরুণের সঙ্গে সাদিয়ার প্রেমের সম্পর্ক ছিল বলে স্থানীয়ভাবে জানা গেছে। পারিবারিকভাবে তাদের বিয়ের বিষয়টিও প্রায় চূড়ান্ত হয়েছিল। আসিফের পরিবারের পক্ষ থেকে সাদিয়াকে আংটি ও নাকফুল পরানো হয়েছিল বলেও জানা গেছে।
তবে কী কারণে বা কী পরিস্থিতিতে সাদিয়ার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর আগের রাতে আসিফের সঙ্গে সাদিয়ার মোবাইল ফোনে কথা ও ইমুতে চ্যাটিং হয়েছিল বলে জানিয়েছেন আসিফ। তার দাবি, তিনি আরও এক-দুই মাস পর বিয়ে করতে চেয়েছিলেন। তবে সাদিয়া দ্রুত বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন।
নিহতের বাবা ইয়ানুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন এবং সাদিয়া তার কক্ষে শুয়ে পড়ে। সকালে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সাদিয়াকে দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে ভেড়ামারা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের অভিযোগ ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।