চিকিৎসাধীন অবস্থায় রায়ান (৭ মাস) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে। এ নিয়ে জেলায় হাম উপসর্গে গত চার মাসে ৯ শিশুর মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. নাসরিন। তিনি বলেন রোববার (৩ মে) দিবাগত মধ্যরাতে শিশুটির মৃত্যু হয়।
রায়ান মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের রাব্বি আলীর ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়,গত ১ মে হামের উপসর্গ নিয়ে শিশু রায়ানকে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। রোববার দিবাগত মধ্যরাতে শিশুটি মারা যায়।
মার্চ মাসের মাঝামাঝি সময়ে হামের সংক্রমণ শুরু হওয়ার পর এ পর্যন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া ২৫০ সরকারি জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মোট ১০২৪ জন শিশু ভর্তি হয়।বলে জানান কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. নাসরিন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলার হাসপাতালগুলোতে মোট ৪৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি আছে ১৪৭ জন শিশু।