ছেলের আঘাতে মায়ের মৃত্যু
ফরিদপুরের আলফাডাঙ্গায় ছেলে কোদালের আঘাতে ফুলজান বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) সকালে উপজেলার বানা ইউনিয়নের পণ্ডিত বানা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফুলজান বেগম ওই গ্রামের হাফিজার শেখের স্ত্রী। অভিযুক্ত হাসান শেখ হাফিজার শেখের ছেলে।
জানা যায়,অভিযুক্ত হোসেন শেখ শ্রমিকের কাজ করেন। কিছুদিন আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে তিনি একা থাকতেন। সকালে হোসেন শেখের ঘরের সামনে তার মা ফুলজান বেগম ফুলগাছের চারা রোপন করতে যান। এ নিয়ে মা ছেলের মাঝে ঝগড়া হয়। কথা-কাটাকাটির এক পর্যায়ে হোসেন শেখ কোদাল দিয়ে তার মা ফুলজান বেগমের মাথায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত হোসেন শেখ পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।