স্টোর কিপার থেকে মেয়র পদপ্রার্থী: কুষ্টিয়ায় জসিম উদ্দিনের পদত্যাগ চাকরি ছেড়ে ভোটের মাঠে জসিম: লড়তে চান পৌরসভার মেয়র পদে পৌরসভা নির্বাচনে লড়তে ইস্তফা দিলেন স্টোর কিপার জসিম
আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন কুষ্টিয়ার খোকসা পৌরসভার স্টোর কিপার মো. জসিম উদ্দিন।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে খোকসা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তাসমিন জাহানের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন।
মো. জসিম উদ্দিন খোকসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর এলাকার বাসিন্দা। তিনি ২০০৭ সালে খোকসা পৌরসভায় স্টোর কিপার পদে যোগদান করেন। দীর্ঘ ১৯ বছর দায়িত্ব পালন শেষে তিনি রাজনীতিতে স্বকীয় হতে এবং জনসেবা করতে পদত্যােগের এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
পদত্যাগপত্র জমা দেওয়ার পর তার প্রতিক্রিয়ায় মো. জসিম উদ্দিন জানান, ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি খোকসা পৌর ছাত্রদল ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন রাজপথে দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, চাকরিতে বহাল থেকে সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয়। এলাকার মানুষের সেবা করতে এবং আগামী খোকসা পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়াই করতেই আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি।
দলের মনোনয়ন পাওয়ার ব্যাপারে মো. জসিম উদ্দিন বলেছেন, দলে অনেক যোগ্য প্রার্থী আছেন, আমিও মনোনয়ন চাইব। দল মনোনয়ন দিলে ভালো, তবে যদি দল থেকে অন্য সিদ্ধান্ত আসে, তবুও আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে থাকব এবং স্বতন্ত্র প্রার্থী হিসেব প্রতিদ্বন্দ্বিতা করবো।
পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে খোকসা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তাসমিন জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, মো. জসিম উদ্দিন অব্যাহতি পত্র জমা দিয়েছেন এবং আমরা তা গ্রহণ করেছি। বিধি মোতাবেক পদত্যাগপত্রটি জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে, সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।