মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে জ্বালানি সংকটের গুজব ছড়িয়ে পড়ায় রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে তেল কেনার জন্য অস্বাভাবিক ভিড় দেখা গেছে।
শুক্রবার (৬ মার্চ) সকাল থেকেই শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে, যা অনেক জায়গায় মূল সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
কিছু পাম্পে তেল থাকা সত্ত্বেও তা বন্ধ রাখা হয়েছে, ফলে চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
এদিন বেগম রোকেয়া সরণির হাসান ফিলিং সেন্টার ঘণ্টার পর ঘণ্টা বন্ধ রাখা হয়। এক পর্যায়ে চালকরা তেল আছে বলে চ্যালেঞ্জ করলে পাম্পটি খোলা হয়।
হাসান ফিলিং সেন্টারের কিছুটা সামনেই সোবহান ফিলিং স্টেশন, আজ সেখানেও একই চিত্র দেখা গেছে।
সকালে বিজয় সরণির একটি পাম্পে গাড়ির লম্বা সারি তৈরি হয়, যা পরে পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। অন্যান্য পাম্পেও একই ধরনের দৃশ্য লক্ষ্য করা গেছে।
চালকদের অনেকেই স্বীকার করেছেন যে, জ্বালানি সংকট দেখা দিতে পারে এমন আতঙ্কে তারা অতিরিক্ত তেল কিনতে বাধ্য হচ্ছেন।
তবে পাম্প মালিকরা জানিয়েছে, তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং রাজধানীতে জ্বালানি সংকটের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। তারা চালকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন এবং অতিরিক্ত তেল না কেনার জন্য অনুরোধ করেছেন।
চালকরা সরকারের তদারকি ও নজরদারির দাবি জানিয়েছেন, যাতে এই ধরনের পরিস্থিতিতে স্বাভাবিক সরবরাহ বজায় থাকে এবং অযথা ভোগান্তি এড়ানো যায়।