দিশার আয়োজনে চাকরী মেলা অনুষ্ঠিত
২২ জুন ২০২৬ তারিখ সোমবার বেসরকারী উন্নয়ন সংস্থা দিশার রেইজ প্রকল্পের আয়োজনে এবং পিকেএসএফ এর সহযোগিতায় দিশা টাওয়ার এর বলরুমে দিনব্যাপী চাকরী মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় ২৮ টি চাকরী প্রদানকারী সংস্থার মাধ্যমে আইটি, ইলেকট্রিক্যাল, স্মল ইঞ্জিনিয়ারিং, ওয়েল্ডিং, এলুমিনিয়াম ফেব্রিকেশন সহ বিভিন্ন পদে নিয়োগের জন্য চাকরী প্রত্যাশীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হয়। যোগ্যতা অনুযায়ী প্রার্থীরা সিভি জমা দিয়ে সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। নিয়োগ প্রক্রিয়ার পাশাপাশি চাকরী প্রত্যাশিরা চাকরী বিষয়ক সেমিনারে অংশগ্রহণের সুযোগ পান। দিশার এমন ব্যতিক্রমী আয়োজনে আগত চাকরী প্রার্থীরা উচ্ছাস প্রকাশ করেন। মূলত প্রশিক্ষণ প্রাপ্ত তরুণ-তরুণীদের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সরাসরি সম্পৃক্ত করার পথকে সুগম করার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়।

এর আগে দিশার অডিটোরিয়ামে দিশার নির্বাহী পরিচালক মো. রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত চাকরী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন, জেলা সমাজসেবা কার্যালয় কুষ্টিয়ার উপ পরিচালক মো. আব্দুল লতিফ সেখ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নূরে সফুরা ফেরদৌস, যুব উন্নয়ন অধিদপ্তর কুষ্টিয়ার উপ পরিচালক মো. আব্দুল জাব্বার, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. সামিউল ইসলাম, পিকেএসএফ এর রেইজ প্রকল্পের সোস্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মো. দেওয়ান জিন্নাহ। এরপর প্রধান অতিথি মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় আগত অতিথিবৃন্দ দিশার এই ব্যতিক্রমী আয়োজনের জন্য দিশা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।