দুই সন্তানের জননীকে বিয়ে করতে না পেরে কুষ্টিয়ায় বিষপানে প্রাণ হারালেন নোয়া খালীর যুবক
তিতাস আহম্মেদ
কুষ্টিয়া কুষ্টিয়ার ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থানার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে প্রেমের টানে এসে বিষপানে আত্মহত্যা করেছেন মারুফ নামের এক যুবক, মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ইউনিয়নের মাগুরা কালিতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মারুফ নোয়াখালী জেলার লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর লক্ষ্মীপুরের যুবক মারুফের সাথে কুষ্টিয়ার মাগুরা কালিতলা এলাকার দুই সন্তানের জননী এক নারীর মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরে মঙ্গলবার দুপুরে মারুফ বিয়ের দাবি নিয়ে ওই নারীর বাড়িতে হাজির হন।
তবে ওই নারী বিয়ে করতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রেমিকার সামনেই নিজের সাথে থাকা বিষ পান করেন মারুফ। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হালসা বাজারের ইসলামীয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, যুবকের মৃত্যুর পর তার মরদেহের পাশে প্রেমিকা ও তার স্বজনদের আহাজারি করতে দেখা যায়। ঘটনার আকস্মিকতায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পাটিকাবাড়ীর ক্যাম্পের কতর্ব্যরত এস আই শরিফুল ইসলামের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি মারুফ নামে ঐ নোয়াখালী যুবকের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন। তিনি বলেন,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।