দৌলতপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কুষ্টিয়ার দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়ন বিএনপি কার্যালয় থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীমের সভাপতিত্বে এবং সদস্য সচিব আশাদুল হক (আসাদ)-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, খলিসাকুন্ডি ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী, সাধারণ সম্পাদক ইসানুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল এবং আড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আগামী দিনে বিএনপিসহ সহযোগী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে কেক কেটে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।