নাটোরে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ
নাটোরে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। বুধবার (৯ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত সদর হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক রোগী। অধিকাংশ রোগী পৌরসভার কানাইখালী, কান্দিভিটা, চকরামপুর, পটুয়াপাড়া রামাইগাছি ও বড় হরিশপুর এলাকার বাসিন্দা। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, একদিনের মধ্যেই ডায়রিয়া উপসর্গ নিয়ে নাটোর জেনারেল হাসপাতালে মোট ১০৬ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ রোগীর সংখ্যা ৫৯ জন। এছাড়া মহিলা ও শিশু রোগী ৪৭ জন।
এদিকে, হঠাৎ ডায়রিয়া রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। স্যালাইন সংকট দেখা দেয়ায় তা বাহির থেকে কিনতে হচ্ছে রোগীদের। আবহাওয়া ও পানির কারণে এমনটি হতে পারে বলে ধারণা চিকিৎসকদের।
জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান জানান, জেলায় হঠাৎ ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে।