ঈশ্বরদীতে সংঘর্ষের জেরে জামায়াত ও আ.লীগ নেতাদের বাড়িঘরে অগ্নিসংযোগ
পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারের জেরে স্থানীয় বিএনপির একটি গ্রুপের সঙ্গে সংঘর্ষের ঘটনার জেরে জামায়াতে ইসলামী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে ৮টি মোটরসাইকেল ভষ্মিভূত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলা সাড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় একই এলাকায় স্থানীয় বিএনপির একটি গ্রুপের সঙ্গে পদ্মা নদীর আলোচিত কাকনবাহিনী এবং জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর বালু উত্তোলন ও আধিপত্য নিয়ে বেশ কিছুদিন ধরেই ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (বিদ্রোহী প্রার্থী হওয়ায় বহিষ্কৃত) জাকারিয়া পিন্টু এবং নদীপথের আলোচিত ব্যক্তি কাঁকন বাহিনীর সঙ্গে বিরোধ চলে আসছিল।
এছাড়াও সম্প্রতি বালুর ব্যবসা নিয়ে জাকারিয়া পিন্টুর সমর্থকদের সঙ্গে স্থানীয় জামায়াতে ইসলামীর লোকজনেরও বিরোধ চলছিল। সন্ধ্যায় জাকারিয়া পিন্টুর সমর্থকরা মাঝদিয়া এলাকায় মিছিল ও শোডাউন দেয়ার চেষ্টা করে। এ সময় ত্রিমুখী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষে জাকারিয়া পিন্টুর ৫ সমর্থকসহ উভয় পক্ষের বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
এই সংঘর্ষের জেরে রাতে জাকারিয়া পিন্টুর সমর্থকরা ওই এলাকায় আবারও মিছিল বের করে। এ সময় ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুর রাজ্জাকসহ জামায়াতের নেতাকর্মীদের ৪-৫টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পুড়িয়ে দেয়া হয় অন্তত ৫টি মোটরসাইকেল। এছাড়াও যুবলীগ নেতা মিলন চৌধুরী এবং আওয়ামী লীগ সমর্থক শফিকুলের বাড়িঘরেও অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়।
অগ্নিসংযোগের ঘটনায় জাকারিয়া পিন্টুর সমর্থকদের দায়ী করলেও তারা তা অস্বীকার করেন। জাকারিয়া পিন্টুর বক্তব্য পাওয়া না গেলেও তার সমর্থকদের দাবি- সোমবার সন্ধ্যায় তারা এলাকায় আওয়ামী লীগ বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কাঁকন বাহিনীর সদস্য ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে তাদের কয়েকজন গুলিবিদ্ধ হন।
সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, ‘পিন্টুর সমর্থক নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে এসে এই এলাকার লোকজনের ওপর হামলা ও এলোপাথাড়ি গুলি চালিয়েছিল। পরে রাতে তারা আবারও আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে এসে আমাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। তারা এলাকায় বালু মহল নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের জন্য পরিকল্পিতভাবে নৈরাজ্য করছে।
এদিকে এ ঘটনায় আব্দুর রাজ্জাকের মেয়ে জামাই ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম, রাজ্জাকের ভাই জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফ্ফার খান, সহকারী সেক্রেটারি এস এম সোহেল, উপজেলা আমীর সাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।