রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৭টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মজ্জৎকোল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে।
জানা যায়,সকালে তিন বছর বয়সি মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে যাচ্ছিলেন সুমন। পথে হঠাৎ বজ্রপাত হলে মেয়ে তার কোল থেকে ছিটকে পড়ে যায় এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশু সাফিয়া সুস্থ রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, সুমন একটি এনজিওতে চাকরি করতেন। তবে সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতেই অবস্থান করছিলেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যাচ্ছে।