ব্যাপক জনসচেতনতা সৃষ্টির প্রত্যয় নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ শনিবার উদযাপিত হচ্ছে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’। দিবসটির এবারের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ’। ডায়াবেটিসের ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ন্ত্রণে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৭০টি দেশে প্রতি বছর এ দিবসটি পালিত হয়ে থাকে। আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) ১৯৯১ সালে ১৪ নভেম্বর তারিখটিকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে ঘোষণা করে। পরবর্তীতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পরামর্শে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবের ভিত্তিতে ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় এবং ২০০৭ সাল থেকে বিশ্বজুড়ে এটি আন্তর্জাতিকভাবে পালিত হয়ে আসছে।
ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যার বিচারে বাংলাদেশ বর্তমানে বিশ্বের শীর্ষ দেশগুলোর তালিকায় অবস্থান করছে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে দেশে প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগীর মোট সংখ্যা ছিল প্রায় এক কোটি উনচল্লিশ লাখ, যার ফলে বৈশ্বিক পরিসংখ্যানে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে অষ্টম। স্বাস্থ্য সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাসে সতর্ক করা হয়েছে যে, প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা না গেলে আগামী ২০৫০ সালের মধ্যে দেশে আক্রান্তের এই সংখ্যা দুই কোটি একত্রিশ লাখে পৌঁছাতে পারে।
রোগটি প্রতিরোধে করণীয় বিষয়ে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ও বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান ডা. ফারিয়া আফসানা জানান, ডায়াবেটিসের উচ্চ ঝুঁকিতে থাকা এবং প্রি-ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের প্রাত্যহিক জীবনযাত্রায় শৃঙ্খলা ফিরিয়ে আনা অপরিহার্য। তিনি শরীরের সামগ্রিক ওজন শতকরা পাঁচ থেকে সাত ভাগ কমানো, সপ্তাহে ন্যূনতম দেড়শত মিনিট দ্রুত হাঁটা বা শারীরিক ব্যায়াম করা এবং খাদ্যতালিকায় ভাত, ময়দা ও অতিরিক্ত মিষ্টি পানীয় গ্রহণের অভ্যাস সীমিত রাখার ওপর জোর দেন। এ ছাড়া ৩৫ বছর বা তার বেশি বয়সী সব নাগরিকের নিয়মিত রক্ত পরীক্ষা করার পরামর্শ দিয়ে তিনি বলেন, স্থূলতা, বংশগত ঝুঁকি, উচ্চ রক্তচাপ কিংবা গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস থাকলে এর চেয়ে কম বয়সীদেরও আগাম স্বাস্থ্য পরীক্ষার আওতায় আসা প্রয়োজন।
দিবসটি উদ্যাপন উপলক্ষে জনসাধারণের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও এর অধিভুক্ত জেলা পর্যায়ের প্রতিষ্ঠানগুলো। কর্মসূচির অংশ হিসেবে জাতীয় দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের পাশাপাশি বিশেষায়িত সাময়িকী ‘কান্তি’ ও ‘ডায়াবেটিস নিউজলেটার’-এর নতুন সংখ্যা প্রকাশ এবং সচেতনতামূলক পোস্টার ও লিফলেট বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।