সংযুক্ত আরব আমিরাতে প্রবল বজ্রঝড়ের মধ্যে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওপর আঘাত হেনেছে শক্তিশালী বজ্রপাত। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। ওই সময় আবুধাবি ও শারজাহসহ দেশটির বিভিন্ন অঞ্চলে বিরল ও তীব্র আবহাওয়া বিরাজ করছিল।প্রায় ২২৭২ ফুট উচ্চতার আকাশচুম্বী ভবনটিতে আঘাত হানার সময় দুবাইয়ের আকাশে ঘন মেঘ, বৃষ্টি ও বজ্রপাত চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে ধরা পড়েছে এমন দৃশ্য। ভিডিওতে দেখা যায়, ভবনের চূড়ায় বজ্রপাত আঘাত করছে।
এর আগে চলতি মাসেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে। তখনও বুর্জ খলিফার আশপাশে বিস্ফোরণ ও ধোঁয়ার দৃশ্য দেখা গিয়েছিল। তবে এসবের পরও বুর্জ খলিফা নিরাপদ রয়েছে। এর পেছনে রয়েছে অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থা।ভবনটির শক্তিশালী ইস্পাত কাঠামো একটি ঢালের মতো কাজ করে। এর চূড়ায় বিশেষ বজ্রনিরোধক দণ্ড (লাইটনিং রড) স্থাপন করা হয়েছে, যা ঝড়ের সময় বজ্রপাতকে নিজের দিকে আকর্ষণ করে। ফলে বজ্রপাত ভবনের অন্য কোনো অংশে আঘাত হানতে পারে না।
Wow ..#Dubai pic.twitter.com/aQAoB5FGnO
— أحمد خليفة (@_A_khalifa) March 26, 2026
এছাড়া ভবনের নিচে রয়েছে গ্রাউন্ডিং ব্যবস্থা, যা বজ্রপাতের বিদ্যুৎ নিরাপদে মাটিতে পৌঁছে দেয়। এতে করে ভবনের ভেতরে থাকা মানুষ, লিফট, বৈদ্যুতিক ব্যবস্থা ও অন্যান্য সরঞ্জাম সুরক্ষিত থাকে। এই সুরক্ষা ব্যবস্থা একাধিক বজ্রপাত একসঙ্গে মোকাবিলা করতে সক্ষম, ফলে ঝড়ের সময়ও ভবনের ভেতরের মানুষ নিরাপদ থাকেন।ভবনটির নির্মাতা প্রতিষ্ঠান এমার প্রপার্টিজ প্রায় ১৫০ কোটি ডলারে বুর্জ খলিফার বীমা করেছে। ভবনটির ১২৪, ১২৫ ও ১৪৮ তলায় অবজারভেশন ডেক রয়েছে, যেখানে প্রতিবছর লাখো পর্যটক দুবাই শহর ও আরব সাগরের মনোরম দৃশ্য উপভোগ করতে আসেন।
সূত্র: এনডিটিভি