মোংলায় যৌথ অভিযানে সরকারি ডিপোতে মিললো ১২ হাজার লিটার জ্বালানি তেল
এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক|| বাগেরহাটের মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্টগার্ড ও নৌ বাহিনী। এ অভিযানে যমুনা অয়েল কোম্পানির ৩টি তেলের ট্যাংকে সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণ সরেজমিনে পরিমাপ এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করে অবৈধভাবে মজুতের প্রমাণ মেলে।
প্রতিষ্ঠানটিতে ১২ হাজার ৬১৩ লিটার অতিরিক্ত জ্বালানি তেল মজুত পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ১২ লাখ ১০ হাজার ৮৫০ টাকা। এ ঘটনায় ডিপোর ব্যবস্থাপক (অপারেশন) মো. আল আমিন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোবিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত মধ্যরাত ১টায় বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসকের সমন্বয়ে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন প্রতিষ্ঠানটির ৩টি তেলের ট্যাংকে সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণ সরেজমিনে পরিমাপ এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। অবৈধভাবে মজুতকৃত প্রায় ১২ লাখ ১০ হাজার ৮৫০ টাকা মূল্যের ১২ হাজার ৬১৩ লিটার অতিরিক্ত জ্বালানি তেল মজুত পাওয়া যায়।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসকের তত্ত্বাবধানে অবৈধভাবে মজুদকৃত তেলের পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।