পূর্ব সুন্দরবনে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে গুরুতর আহত হয়েছেন আব্দুল বাতেন হাওলাদার (৫৮) নামে এক জেলে। তবে সাপের কামড়ে আহত হওয়ার পরও সাহসিকতার সঙ্গে সাপটি ধরে ফেলেন তিনি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সুন্দরবনের হরিণটানা খালে এ ঘটনা ঘটে। পরে বনরক্ষীরা তাঁকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক।
আহত আব্দুল বাতেন হাওলাদার বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের তিনি জানান, সকালে শরণখোলা ফরেস্ট স্টেশন অফিস থেকে পাস নিয়ে মাছ ধরতে সুন্দরবনে যান। দুপুরে হরিণটানা খালে মাছ ধরার জন্য জাল পাততে গেলে একটি সাপ তাঁকে কামড় দেয়। এ সময় সাপের কামড়ে আহত হলেও তিনি সেটিকে ধরে ফেলেন।ঘটনার খবর পেয়ে শরণখোলা স্টেশনের বনরক্ষীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত জেলেকে উদ্ধার করেন। পরে স্পিডবোটে করে তাঁকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহত জেলে জানান, এর মাত্র ১৯ দিন আগেও তিনি একবার সাপের কামড়ের শিকার হয়েছিলেন।শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ও সহকারী মেডিকেল অফিসার ডা. মোর্শেদা আক্তার সুমি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সাপের কামড়ে আহত ওই জেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, সুন্দরবনে সাপের কামড়ে এক জেলে আহত হওয়ার খবর পেয়ে বনরক্ষীদের মাধ্যমে তাঁকে উদ্ধার করা হয়। পরে স্পিডবোটযোগে তাঁকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।