হবিগঞ্জের নবীগঞ্জে ছবি তোলাকে কেন্দ্র করে ঈদের জামাত শেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৩৫ জন আহত হয়েছেন।
উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে শনিবার (২১ মার্চ) সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নোয়াগাঁও গ্রামের আব্দুর রবের কলেজছাত্রী মেয়ে ও ভাগনীর ছবি এবং ভিডিও ধারণ করেন ফিরোজ মিয়া পক্ষের কয়েকজন যুবক। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে আজ ঈদুল ফিতরের নামাজ শেষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। খবর পেয়ে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোনায়েম মিয়া।
তিনি জানান,বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।