ইবি’র আব্দালুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা: যুবক আশঙ্কাজনক, কৃষক লীগ নেতা আটক
তিতাস আহম্মেদ
কুষ্টিয়ার ইবি থানাধীন আব্দালপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের নৃশংস হামলায় মো. সবুজ মন্ডল (৩২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) সকালেআব্দালপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেশীয় অস্ত্রসহ আরমান আলী নামে এক কৃষক লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে বিষ্ণুদিয়া গ্রামের ওয়াহাব মন্ডলের ছেলে সবুজ মন্ডল বাড়ি থেকে মাঠের উদ্দেশ্যে বের হন। পথে পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা শেখ আরব আলীর অনুসারীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সবুজকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, সবুজের শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রেফার করা হয়েছে।
হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইবি থানা পুলিশ দ্রুত অভিযানে নামে। অভিযানকালে কুষ্টিয়া সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আরমান আলীকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। এলাকায় নতুন করে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয় ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার পর পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। আটক আরমান আলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আইনানুগ প্রক্রিয়ায় সোপর্দ করা হবে। ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।