প্লা’স্টিকের বোতলে পেট্রোল দিতে অস্বীকৃতি জানানোয় নাটোর শহরের একটি পেট্রোল পাম্পের কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের হাফরাস্তা এলাকায় অবস্থিত একটি পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।
আহত কর্মচারী সানু রায়কে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শহরের উত্তর চৌকিরপাড় মহল্লার পার্থ রায়ের ছেলে।
পুলিশ ও পাম্প সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় শাহীন হোসেন পাম্পে এসে প্লাস্টিকের বোতলে পেট্রোল দেওয়ার অনুরোধ করেন। এ সময় পাম্পের কর্মচারী সানু রায় নিরাপত্তাজনিত কারণে তেল দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে শাহীন বাঁশের লাঠি দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যান।
পরে সহকর্মীরা আহত সানুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় প্রায় ২০ মিনিট পাম্পে তেল সরবরাহ বন্ধ থাকে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।