মজমপুর রেললাইন এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ, হাসপাতালে চিকিৎসাধীন দুজন
কুষ্টিয়া শহরের মজমপুর রেললাইন এলাকায় ভাঙারি মালামালের একটি বস্তা থেকে বের হওয়া লাল টেপে মোড়ানো বিস্ফোরকসদৃশ বস্তুর বিস্ফোরণে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকার জব্বারের ছেলে সুমন (২৫) জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে রুহুল আমিন (৪২)। রুহুল আমিন স্থানীয় একটি ভাঙারির দোকানের মালিক।
ঘটনার প্রত্যক্ষদর্শী বাস চালক মিনারুল জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ শুনতে পান। এ সময় ঘটনাস্থলে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। পরে আহত দুজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে সুমন একটি বস্তায় ভাঙারি মালামাল নিয়ে বিক্রির উদ্দেশ্যে রুহুল আমিনের দোকানে যান। পরে বস্তার মালামাল লোহার স্কেল মেশিনে ওজন করা হয়। ওজন শেষে বস্তা থেকে মালামাল নিচে ঢালার সময় লাল টেপে মোড়ানো একটি বস্তু মাটিতে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে সেখানে থাকা সুমন ও দোকানি রুহুল আমিন গুরুতর আহত হন।
বিস্ফোরণের পর স্থানীয় লোকজন দ্রুত আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ দিকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হাসান জানান, বোমা বিস্ফোরণে আহত সুমন ও রুহুল আমিনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সুমনের ডান পায়ে তুলনামূলক বেশি বিস্ফোরণজনিত আঘাত রয়েছে। অন্যদিকে রুহুল আমিনের ডান পায়েও সামান্য আঘাত রয়েছে। দুজনকেই হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের প্রাথমিক চিকিৎসা চলছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।