কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ ভেজাল ও অস্বাস্থ্যকর গুড় জব্দ করে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার সকালে কুষ্টিয়া পৌরসভার বটতৈল মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় জনগণ সন্দেহজনক গুড় বহনকালে তা আটক করে প্রশাসনকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত।
পরে গুড়গুলো প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে আদালত নিশ্চিত হয় যে, এগুলো ভেজাল উপাদান মিশ্রিত এবং অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত। মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিকভাবে এসব গুড় জব্দ করা হয়। অভিযানে খোকসা উপজেলার দুই ব্যবসায়ী প্রতিষ্ঠান—দিলীপ ট্রেডার্স ও ষষ্ঠী গুড়ের বিপুল পরিমাণ গুড় উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত গুড়গুলো পরে কুষ্টিয়া পৌরসভার নির্ধারিত ভাগাড়ে নিয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়, যাতে সেগুলো কোনোভাবেই পুনরায় বাজারে প্রবেশ করতে না পারে। এ সময় উপস্থিত স্থানীয় জনগণ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভেজালবিরোধী এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই দুই প্রতিষ্ঠানের গুড়ের মান নিয়ে ভোক্তাদের মধ্যে অভিযোগ ছিল। বিশেষ করে নিম্নমানের উপকরণ মিশিয়ে গুড় তৈরি ও তা বাজারজাত করার অভিযোগ ওঠে। তবে এতদিন তা দৃশ্যমান কোনো পদক্ষেপে আসেনি। সর্বশেষ এই অভিযানের মাধ্যমে বিষয়টি সামনে আসে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হাসান। তিনি জানান, জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত কোনো বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।