কুড়িগ্রাম সদর খাদ্যগুদাম থেকে ২ কোটি ১ লাখ টাকা মূল্যের খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরীফ আহমেদসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রামের উপসহকারী পরিচালক মো. মিজানুর রহমান চৌধুরী বাদী হয়ে মঙ্গলবার ওই কার্যালয়ে মামলাটি করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।মামলার অন্য আসামিরা হলেন- পাটগ্রাম এলএসডির সহকারী উপখাদ্য পরিদর্শক মো. হেলাল উদ্দিন, কুড়িগ্রাম সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হালিমুর রহমান এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হামিদুল হক।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি খাদ্যশস্যের মজুত ও সংগ্রহসংক্রান্ত নথিতে অসংগতি তৈরি ও তা ব্যবহারের মাধ্যমে ২ কোটি ১ লাখ টাকা মূল্যের খাদ্যশস্য আত্মসাৎ করেছেন। ২০২৫-২৬ অর্থবছরে এসব অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।