কুষ্টিয়ার মিরপুরে ভোটগ্রহণ চলাকালে ব্যালট পেপার নির্ধারিত বাক্সে না ফেলে কেন্দ্র থেকে পালিয়ে যাওয়ার চেষ্টার দায়ে এক যুবককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম শাহিন মালিথা (২৮)। তিনি মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের নওদা গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মালিথার ছেলে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার তালবাড়ীয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শাহিন মালিথা ভোটকেন্দ্রে গিয়ে ব্যালট পেপার গ্রহণের পর সেটি নির্ধারিত বাক্সে না ফেলে একটি সাদা কাগজ জমা দেন। এরপর তিনি কেন্দ্র ত্যাগের চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত পুলিশ তাকে আটক করে।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করেন। এরপর দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।