খুলনায় সন্ধানী ক্লিনিকে প্রবেশ করে সন্ত্রাসীরা গুলিবর্ষণ এর ঘটনা ঘটিয়েছে। শনিবার (২৪ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে নগরীর খুলনা থানাধীন বাবুখান রোডে ক্লিনিকটির বিপরীত দিক থেকে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা গুলি ছোড়ে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গুলি ছোড়ার ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে ।জানা যায়, মোটরসাইকেল যোগে ৭ থেকে ৮ জন সন্ত্রাসী এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং ভিতরে ঢুকে প্রফেসর ডাঃ মোঃ কুতুব উদ্দিন মল্লিকের চেম্বার সহ রিসেপশন ভাঙচুর করে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা রাস্তায় দাঁড়িয়ে সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে গুলি ছোড়ে।তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।