শি’ক্ষা’স’ফ’রের বাস পু’কু’রে প’ড়ে শিক্ষিকাসহ নি”হ”ত ২, আ’হ’ত অ”ন্ত’ত ৩০
কুমিল্লা থেকে কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে গেছে একটি মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবাহী বাস। এতে মাদ্রাসার এক শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (৭ নভেম্বর) ভোর চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরানীহাট রেলক্রসিং সংলগ্ন রেলবিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) এবং ওই মাদ্রাসার আরেক শিক্ষিকার স্বামী সাখাওয়াত হোসেন ইস্রাফিল (৫৬)।দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবসার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল এলাকার ওই মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা দুটি বাসে করে শিক্ষাসফরে কক্সবাজার যাচ্ছিলেন। পথে সাতকানিয়ার রেলক্রসিং পার হয়ে কিছুদূর যাওয়ার পর পেছনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।’
দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, চালকের চোখে ঘুম ছিল। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেছেন।’
হাইওয়ে থানা সূত্রে জানা যায়, দুটি বাসে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ অর্ধশতাধিক যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও পাশের একটি ইটভাটার শ্রমিকেরা দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেন। তারা বাসের ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
পরে খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা-পুলিশ, সাতকানিয়া থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দেন।
দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ দোহাজারী হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি নুরুল আবসার।