মাদারীপুরের শিবচর উপজেলার নিলখী ইউনিয়নে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অব্যাহতি পাওয়া জামায়াত নেতা তাইজুল ইসলামের বসতঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অভিযোগসংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে স্থানীয় নারী-পুরুষ উত্তেজিত হয়ে তার বসতঘর ভেঙে দেন। এর আগে সকালে অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী।
তাইজুল ইসলাম নিলখী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ছিলেন। তবে তার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ভিডিও ভাইরাল হওয়ার পর দল থেকে তাকে অব্যাহতি দেয়া হয়। তার বাবার নাম আব্দুর রহমান মিয়াজী। তিনি উপজেলার নিলখী পশ্চিম চরকামারকান্দি গ্রামের বাসিন্দা।স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা যায়, গত ২৫ অক্টোবর দুপুরে তাইজুল ইসলামের নিজ বসতঘরে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হন তিনি। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকের বিভিন্ন আইডি ও গ্রুপে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়।স্থানীয়দের অভিযোগ, তাইজুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার নারীদের বিভিন্ন সমস্যা সমাধানের কথা বলে পানিপড়া ও ঝাড়ফুঁকের মাধ্যমে কথিত চিকিৎসা করতেন।এ বিষয়ে জানতে অভিযুক্ত তাইজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। একইভাবে উপজেলা জামায়াতে ইসলামীর আমির ছরোয়ার হোসাইন মৃধার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনিও ফোন ধরেননি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সকালে অভিযুক্ত তাইজুল ইসলামের শাস্তির দাবিতে এলাকার লোকজন মানববন্ধন করেছেন বলে জানতে পেরেছি। পরে কিছু লোক তার ঘরবাড়িতে ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।