ইবি’র গজনবীপুরে দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষ: আহত ৩০, ভাঙচুর ২৮ বাড়ি
তিতাস আহম্মেদ
কুষ্টিয়া সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে ইবি থানাধীন উজানগ্রামের গজনবীপুর এলাকায় শুরু হওয়া এই সংঘাত পার্শ্ববর্তী গ্রামগুলোতেও ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৩০জন আহত হয়েছেন এবং অন্তত ২৮টি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার গজনবীপুরসহ আশপাশের ছয়টি গ্রাম মিলিয়ে স্থানীয় দুটি বড় গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল।শনিবার সকালে গজনবীপুর এলাকায় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে এই সংঘর্ষ চরম আকার ধারণ করে এবং পার্শ্ববর্তী ঝাউদিয়া ইউনিয়নের বাখল গ্রাম ও আলামপুর ইউনিয়নের খয়েরপুর এলাকার বেশ কয়েকটি গোষ্ঠী সংঘাতে যোগ দেয়।
দফায় দফায় চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষ চলাকালে উত্তেজিত জনতা প্রতিপক্ষের অন্তত ২৮টি বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও তান্ডব চালায়।

এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, এলাকায় গোষ্ঠীগত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। পুলিশ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেনি। মামলা হলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।