ইবি,’র রনজিতপুরে গোয়াল ঘরে ভয়াবহ আগুন: গরুর মৃত্যু, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ
তিতাস আহম্মেদঃ কুষ্টিয়া ইবি থানাধীন উজানগ্রাম ইউনিয়নের রনজিতপুর গ্রামে মশার কয়েলের আগুনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ১০ মার্চ (মঙ্গলবার) রাত আনুমানিক ৯:১০ মিনিটের দিকে ওই গ্রামের বিলা খন্দকারের ছেলে বুলবুল খন্দকারের গোয়াল ঘরে এই অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবারিক সূত্রে জানা যায়, গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েলের আগুন থেকে মুহূর্তের মধ্যে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। বুলবুল খন্দকারের শেষ সম্বল তিনটি গরুর মধ্যে একটি গরু অত্যন্ত বীভৎসভাবে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। বাকি দুইটি গরু আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ হয়েছে। এছাড়া একটি ছাগলের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে ঝলসে গেছে। আগুনে গোয়াল ঘরসহ পাশে রাখা বিপুল পরিমাণ কৃষি পণ্য ও গবাদিপশুর খাদ্য (খড়) সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও গবাদিপশু ও মালামাল রক্ষা করতে পারেননি।
এই মর্মান্তিক সংবাদ শুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দিতে ১১ মার্চ সকালে ৬ঃ৩০মিনিটের দিকে ঘটনাস্থলে ছুটে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন উজানগ্রাম ইউনিয়ন জামায়াতের আমির হায়দার মাস্টার, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা কামাল হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আহাম্মদ আলী কলম, জামায়াত কর্মী মোঃ শাহিন জোদ্দার ও দানিয়ার হোসেন সহ অন্যান্য ইউনিয়ন ও স্থানীয় নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেন এবং বুলবুল খন্দকারের এই দুঃসময়ে সর্বদা পাশে থাকার দৃঢ় আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে উজানগ্রাম ইউনিয়ন জামায়াতের আমির হায়দার মাস্টার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে কাজ করে। আমরা এই শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি এবং আমাদের সাধ্যমতো সহায়তা অব্যাহত থাকবে।
আশ্বাস প্রদানের ধারাবাহিকতায় তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন জামায়াত নেতৃবৃন্দ। বুলবুল খন্দকারের গোয়াল ঘরটি পুনরায় নির্মাণের জন্য তাদের পক্ষ থেকে টিনসহ প্রয়োজনীয় অন্যান্য নির্মাণ সামগ্রী কিনে দেওয়া হয়েছে। জামায়াতের এই মানবিক ভূমিকায় স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে।