ইসলামী আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া জেলা কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত
কুষ্টিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আলহাজ মো. আব্দুল্লাহ আখন্দকে সভাপতি এবং জি এম তাওহীদ আনোয়ারকে সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে।
গত ১৬ জুলাই রাত ৯ টায় কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সামনে হাই স্কুল মার্কেটের জেলা অস্থায়ী কার্যালয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়। পরে নবগঠিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটিতে সভাপতি ও সেক্রেটারির পাশাপাশি একাধিক সহ-সভাপতি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, অর্থ ও প্রকাশনা সম্পাদক, প্রশিক্ষণ সম্পাদক, দাওয়াহ ও জনকল্যাণ সম্পাদকসহ বিভিন্ন পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম মুলতান, আলহাজ মো. আনোয়ার খান ও আলহাজ মো. এনামুল হক। সাংগঠনিক সম্পাদক হিসেবে মুফতি মুজাম্মিল হক কাসেমী এবং সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে মুফতি হাবিবুল্লাহ বেলালীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক করা হয়েছে ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমানকে। অন্যান্য পদেও দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিগত মেয়াদের কমিটি থেকেও বর্তমান কমিটিতে অনেকে স্থান পেয়েছে বলে জানা গেছে।
শপথ গ্রহণ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে দলীয় নেতারা বলেন, নতুন কমিটির নেতৃত্বে কুষ্টিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
নেতারা আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি, আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে নতুন কমিটির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
নবগঠিত কমিটির সদস্যরা শপথ ও দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।