বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে জুতাপেটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর তাঁকে দল থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। ওই নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণ করেছেন।
অব্যাহতি পাওয়া নেতার নাম আলী আজম সাব্বির। তিনি এনসিপি শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য। গতকাল শুক্রবার রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক নারী এনসিপি নেতা আলী আজম সাব্বিরকে জুতাপেটা করছেন।
অনুসন্ধানে জানা যায়, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। সেখানে প্রশিক্ষণ নিতে আসা বেশ কয়েকজন নারীকে তিনি মোবাইল ফোনে অপ্রীতিকর কথা বলতেন এবং তাদের ফোনে কুরুচিপূর্ণ ম্যাসেজ দিতেন। তাঁর আচরণে অতিষ্ঠ হয়ে ২৪ মে দুপুরের দিকে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাঁকে টিটিসির একটি কক্ষে আটকে জুতাপেটা করেন। এ সময় আলী আজম সাব্বির ক্ষমা চান।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং বিষয়ক প্রশিক্ষক রাশেদুল হাসান বলেন, আলী আজম সাব্বির বেশ কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশালীন আচরণ করেছেন। যার কারণে একজন নারী প্রশিক্ষণার্থী তাঁকে জুতাপেটা করেছেন। পরে আলী আজম সাব্বির দোষ স্বীকার করে লিখিত অঙ্গীকারনামা দিয়েছেন। অফিস খোলার পর একাডেমি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগ আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরপরই আলী আজম সাব্বিরকে সংগঠনের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর অবস্থান ব্যাখ্যা করার জন্য তিন দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানান এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান।