কুমারখালী সরকারি কলেজের সিনিয়র রোভারদের বিদায়, সনদ প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সেবার আদর্শ, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধকে ধারণ করে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুমারখালী সরকারি কলেজে সিনিয়র রোভারদের বিদায়, সনদ প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন) দুপুরে কুমারখালী সরকারি কলেজের প্রশাসনিক ভবনে কলেজের রোভার স্কাউট ও গার্ল ইন রোভার ইউনিটের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মামুনুর রশীদ সিদ্দিকী। তিনি বলেন, রোভার স্কাউটিং শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজ ও দেশের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরিতে স্কাউটিংয়ের বিকল্প নেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমারখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ বিনয় কুমার সরকার, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জিল্লুর রহমান বিশ্বাস, কুমারখালী সরকারি কলেজের রোভার লিডার চঞ্চল কর্মকার এবং গার্ল ইন রোভার মোছাঃ রুকসানা খাতুন। বক্তারা রোভারদের সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান এবং তাদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মোঃ রব্বানী এবং গীতা থেকে পাঠ করেন ঐশ্বর্য দাস।
এসময় বিভিন্ন কার্যক্রমে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথম তিনজন রোভারকে ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন মোঃ সজিব হোসেন, মোঃ সাবের হোসেন ও মোঃ রিফাতুজ্জামান রিফাত।
পরে কলেজের মোট ১৬ জন সিনিয়র রোভারকে সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বিদায়ী রোভারদের শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।