কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে অতি দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ধারালো অস্ত্রের মহড়া, হুমকি ও ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনার পর নিরাপত্তাহীনতার কারণে ইউনিয়ন পরিষদে সেবাদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সেবাপ্রত্যাশীরা।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯ মে) দুপুর একটার দিকে মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদে।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে অতি দরিদ্রদের জন্য ৬১৬টি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। তবে তালিকা প্রণয়নকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে বিরোধ দেখা দেয়। কয়েক দফা বৈঠক হলেও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
অভিযোগ রয়েছে, মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনিছ মন্ডলের নেতৃত্বে কয়েকজন যুবদল নেতা ইউনিয়ন পরিষদে প্রবেশ করেন। পরে তারা ইউপি প্রশাসনিক কর্মকর্তার কক্ষে গিয়ে তাকে লাঞ্ছিত করেন এবং অফিসের চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে।
এসময় প্রশাসনিক কর্মকর্তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। এছাড়াও পরিষদ চত্বরে অস্ত্র হাতে নিয়ে মহড়া দিতে দেখা গেছে তাদের।
এ ঘটনার কয়েকটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ইউনিয়ন পরিষদে নিরাপত্তাজনিত কারণে বুধবার সকাল থেকে সেবাদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজের সূত্র ধরে পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।