কুষ্টিয়ায় ভূমিসেবা মেলা উপলক্ষে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন
নিজ সংবাদ।
কুষ্টিয়ায় ভূমিসেবা মেলা উপলক্ষে জেলা প্রশাসন সংবাদ সম্মেলন করেছে। গতকাল রবিবার (১৭ মে) দুপুর ১২টা ১৫ মিনিটের সময় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। উক্ত প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন এবং মেলার বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান। এতে সঞ্চালনায় ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আবদুল ওয়াদুদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ‘আধুনিক বাংলাদেশ’ বিনির্মাণের অন্যতম প্রধান শর্ত হচ্ছে নাগরিক ভোগান্তিহীন একটি জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা। এই লক্ষ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে ভূমি সংক্রান্ত যাবতীয় সেবাসমূহ অটোমেশনের (ডিজিটালাইজেশন) আওতায় এনেছে। প্রযুক্তিগত এই উন্নয়নকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’র আয়োজন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি, দেশব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করবেন। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, এবারের মেলায় আগত নাগরিকেরা কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা দালালের দৌরাত্ম্য ছাড়াই সরাসরি ১৪ ধরনের বিশেষ ডিজিটাল ও তাৎক্ষণিক সেবা ও তথ্য পাবেন।