খলিসাকুণ্ডি পুরাতন বাসস্ট্যান্ড বাজার থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে জনসাধারণ
সাগর আহমেদ, দৌলতপুর
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুণ্ডি পুরাতন বাসস্ট্যান্ড বাজার থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে কাদাময় হয়ে পড়ে, ফলে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।
এই সড়ক দিয়েই খলিসাকুণ্ডি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৭টি ওয়ার্ডের মানুষ ইউনিয়ন পরিষদ, বাজার ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যাতায়াত করেন। একসময় পাকা থাকলেও দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ায় বর্তমানে সড়কটি অসংখ্য খানাখন্দে ভরে গেছে এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও রোগীদের চলাচল করতে চরম ভোগান্তির শিকার হতে হয়। অনেকেই বাধ্য হয়ে বিকল্প পথে মূল সড়ক ব্যবহার করেন।
এলাকাবাসীর দাবি, খলিসাকুণ্ডি ইউনিয়ন পরিষদে যাতায়াতের গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।