চুয়াডাঙ্গায় নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র: ১ বছরের কা’রা’দণ্ড
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে। পরবর্তীতে সামারী ট্রায়াল আদালতের মাধ্যমে তাদের উভয়কে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই এম সজীব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সদর থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনায় করে। অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানাধীন কেদারগঞ্জ নতুন বাজার এলাকার মওলা মিয়ার চারতলা বসত বাড়ীর সামনের পাকা রাস্তার ওপর অবস্থান নেয় পুলিশ। সেখানে রাত সাড়ে ১১ টার দিকে সন্দেহভাজন হিসেবে দুইজনকে তল্লাশি করে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন, চুয়াডাঙ্গা হকপাড়া (তিনখাম্বা) এলাকার মৃত দুখু মিয়ার মেয়ে ও শান্ত মিয়ার স্ত্রী মিম খাতুন (২২) এবং তালতলা এলাকার মৃত আবু সুফিয়ানের ছেলে সাব্বির হোসেন পল্টন (২৮)। গ্রেফতারের পর আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১০ (ক) ধারায় মামলা রুজু করে সামারী ট্রায়াল আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালত শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে ধৃত আসামি মিম খাতুন’কে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সাথে অপর আসামি সাব্বির হোসেন পল্টন’কে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের আদেশ দেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়,চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত করতে এবং চোরাচালান রোধে পুলিশ সুপারের নির্দেশে এই ধরনের চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।