বাগেরহাটের রামপালে জমি দখল, ভাংচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ
এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক || বাগেরহাটের রামপালে কুমলাই এলাকায় জমি দখল, ভাংচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. সুমন হাওলাদার রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উপজেলার কুমলাই গ্রামের বাসিন্দা মো. সুমন হাওলাদার তার অভিযোগে জানান, তার প্রতিপক্ষ রেবা বেগম, তার দুই ছেলে রিয়াদ হাওলাদার ও জিহাদ হাওলাদার এবং আব্দুল্লাহ হাওলাদারদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে প্রতিপক্ষরা বিভিন্ন সময় তার ওপর নির্যাতন ও ক্ষয়ক্ষতি করে আসছে। ভুক্তভোগী জানান ২০২১ সালে তার চাচা আ. হামিদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় এবং ওই মামলায় তিনি স্বাক্ষী হওয়ায় বিবাদীদের সাথে তার বিরোধ আরও তীব্র হয়। এরপর থেকে বিবাদীরা তার মাছের ঘের, বাড়ির জমি ও কবরস্থান দখল, ঘরবাড়ি ভাংচুর, লুটপাট, পোল্ট্রি ফার্ম ও মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে।
এছাড়া, তিনি আরও অভিযোগ করেন, চলতি মাসের ২২ তারিখ সকালে তার জমির পাকা ধান জোরপূর্বক কাটে ও পরদিন তা লুট করে নিয়ে যায়। গত প্রায় দুই বছর ধরে তার প্রায় ২ বিঘা জমি দখল করে রেখেছে বলেও দাবি করেন তিনি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিবাদীরা মামলা পরিচালনার খরচের অজুহাতে চাঁদা দাবি করছে এবং তাকে প্রাণনাশের হুমকি প্রদান করছে। ফলে তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে ভুক্তভোগী জানান, ইতোমধ্যে তিনি এ সংক্রান্ত দুটি মামলা দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। পাশাপাশি পুলিশ সুপার বরাবর অভিযোগ দিলেও এখনো কোনো কার্যকর প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে রেবার সাথে কথা বলার জন্য তার বাড়িতে গেলেও তাকে বা তার ছেলেদের দেখা পাওয়া যায়নি।
এ ব্যাপারে রামপাল থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্র জানায়, এ ঘটনার বিষয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।