খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নবগঠিত খাগড়াছড়ি জেলা কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় কমিটিতে পাদ পাওয়া সব নেতার নামে মামলা দায়ের করেছে পুলিশ।
শনিবার রাতে নতুন টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু।
মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক জিৎজয় ত্রিপুরাসহ কমিটির ৪০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। পাশাপাশি অজ্ঞাত আরো ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নতুন টাইমসকে বলেন, ‘গত ২১ এপ্রিল নিষিদ্ধ ছাত্রলীগের নবগঠিত কমিটি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে জড়ো হয়। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শুভমঙ্গল চাকমা এই ঘটনার নেপথ্যে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। মামলায় আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা এবং এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।’
এই ঘটনায় খাগড়াছড়ি সদর থানার উপপুলিশ পরির্দশক বাদশা বুলবুল বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানান ওসি।