স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ নুসরাত; আগুনের কারণ নিয়ে তদন্তে একাধিক সংস্থা
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আট নেতার নাম উল্লেখ করে থানায় এজাহার দিয়েছেন তিনি। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০জনকে আসামি করা হয়েছে। সংসদ সদস্যের অভিযোগ, পেট্রলবোমা নিক্ষেপ করে পরিকল্পিতভাবে বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং এর পেছনে আওয়ামী লীগের লোকজন জড়িত।
তবে আগুনের প্রকৃত কারণ নিয়ে এখনো নিশ্চিত হতে পারেনি তদন্তকারী সংস্থাগুলো। ঘটনাস্থলে পেট্রলবোমা বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিকভাবে পুরোনো বৈদ্যুতিক ওয়্যারিং থেকে শর্টসার্কিটের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে নুসরাত প্রশ্ন তুলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কেন এই হামলাকে লঘু করতে চাইলেন?’
গত বুধবার দিবাগত রাত ১২টার পর দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে টিনশেড বাড়িটির ১০টি কক্ষের মধ্যে সাতটি পুড়ে যায়। এ ছাড়া অগ্নিদগ্ধ হয়ে ছাগল মারা যাওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে দুটি ছাগল মারা যাওয়ার কথা জানানো হলেও পরবর্তী সময়ে এজাহারে তিনটি ছাগল মারা যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বাড়িটিতে কেয়ারটেকার পরিবার বসবাস করত। সেখানে ছিল গবাদিপশুর খামারও।
নুসরাতের দাদার তৈরি এ বাড়িতেই তাঁর শৈশব কেটেছে। বাড়িটির পাশেই তাঁদের তিনতলা একটি ভবন রয়েছে। করোনাকাল থেকে পরিবারের সদস্যরা ওই ভবনে বসবাস করছেন। ঘটনার পর স্থানীয় লোকজন ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাড়িটিতে পুলিশি পাহারা বসানো হয়।
ঘটনার পর বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছান নুসরাত তাবাসসুম। বেলা ১১টার দিকে পোড়া বাড়ির সামনে সংবাদ সম্মেলন করে তিনি অভিযোগ করেন, কয়েকটি পেট্রলবোমা ছুড়ে রাতের বেলায় বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এটি আওয়ামী লীগের কাজ। স্থানীয় লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি মনে করেন না।
তিনি আরও বলেন, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের লোকজন উল্লাস করছে। তারা মনে করছে, এ ধরনের ঘটনা ঘটিয়ে তাঁকে দমিয়ে রাখা যাবে। হয়তো তাঁদের দুঃখ-কষ্ট দেওয়া যাবে, কিন্তু ভয় দেখিয়ে পিছিয়ে রাখা যাবে না। গত ১৭ বছরে দেশের মানুষ এ ধরনের অসংখ্য ঘটনা দেখেছে। সেসব ঘটনার পরিণতিতেই ২০২৪ সালের গণ-অভ্যুত্থান হয়েছে। এ ঘটনা ঘটিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হলে উল্টো হামলাকারীদের মুখে চুনকালি পড়বে।
হুমকি পাওয়ার বিষয়ে সংসদ সদস্য বলেন, গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে একটি নম্বর থেকে তাঁকে হুমকি দিয়ে ফোন করা হয়। এর আগে-পরে আরও কয়েকটি হুমকির কল আসে। পুরো ঘটনার বর্ণনা দিয়ে তিনি কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। জিডি করার পরও তাঁকে বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়।
নুসরাতের ভাষ্য, হামলার ঘটনার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ফেসবুকে একটি সতর্কতামূলক হুমকির পোস্ট দেন। এরপর রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে তাঁর বাড়িতে পরপর বিস্ফোরণের শব্দ হয়। ঘটনার ধরন দেখে তাঁর মনে হয়েছে, পেট্রলবোমা ছোড়া হয়েছে। তিনি বলেন, ‘এই ঘটনাটি জুলাই ও জুলাই-সংশ্লিষ্ট সবার জন্য একটি চিহ্ন। আমি চাই, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা বের করা হোক।’
ঘটনাটি সুপরিকল্পিত হতে পারে উল্লেখ করে নুসরাত বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির শিথিলতার সঙ্গে এর যোগসূত্র থাকতে পারে। সবকিছুর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
*এজাহারে যা বলা হয়েছে*
বৃহস্পতিবার রাতে নুসরাত তাবাসসুম দৌলতপুর থানায় এজাহার জমা দেন। এতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আট নেতার নাম উল্লেখ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় নাশকতাসহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে নুসরাত তাবাসসুম ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে বলা হয়, সংসদ অধিবেশন চলায় ঘটনার সময় নুসরাত তাবাসসুম ঢাকায় ছিলেন। তাঁর মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যরা বাগোয়ান গ্রামের পৈতৃক বাড়িতে অবস্থান করছিলেন। বুধবার রাত ১১টার দিকে খাওয়াদাওয়া শেষে তাঁরা ঘুমিয়ে পড়েন। পরে রাত আনুমানিক সোয়া ১২টার দিকে পরপর তিনটি বিকট শব্দে তাঁদের ঘুম ভাঙে। ঘর থেকে বের হয়ে তাঁরা বাড়ির বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখেন।
সংসদ সদস্যের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে তাঁর মা-বাবাসহ পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে বাড়িতে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন। এতে বাড়ির আসবাবপত্র, সংসারের প্রয়োজনীয় সামগ্রী ও বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে যায়। এ ছাড়া তিনটি ছাগল মারা যায়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা বলে এজাহারে দাবি করা হয়েছে।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ ও ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, সংসদ সদস্য আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে এজাহার জমা দিয়েছেন। এজাহারের ভিত্তিতে দৌলতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি রিসিভ করেননি।
*আলামত সংগ্রহ, তদন্তে একাধিক সংস্থা*
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও তদন্ত শুরু করে। কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলামও ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, ঝিনাইদহ থেকে সিআইডির একটি দল ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছে। ঘটনার তদন্তে পুলিশের একাধিক দল কাজ করছে। ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের মতামত পাওয়ার পর আগুনের প্রকৃত কারণ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, ‘এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না যে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। সিসিটিভি ফুটেজে তিনবার বিস্ফোরণের মতো ঘটনা দেখা গেছে। এটি আগুন থেকেও হতে পারে। তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা জানা যাবে।’
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ঘটনার পর থেকেই পুলিশ কাজ করছে। সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের প্রতিনিধিরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সবাই মিলে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করা যাচ্ছে না। দুর্ঘটনা থেকেও আগুন লাগতে পারে, আবার কেউ আগুন লাগিয়ে থাকতে পারে। তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাড়িটির বেশ কিছু মালামাল পুড়ে গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনই বলা সম্ভব নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
অন্যদিকে পল্লী বিদ্যুতের দৌলতপুর উপজেলার প্রাগপুর সাব-জোনাল অফিসের এজিএম তোজাম্মেল হক বলেন, ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যদের সঙ্গে তাঁরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁদের প্রাথমিক পর্যবেক্ষণে পল্লী বিদ্যুতের লাইন থেকে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি।
*স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ নুসরাত*
এদিকে বৃহস্পতিবার জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সরকারের প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাড়িটিতে আগুন লেগেছে, নাকি কেউ পরিকল্পিতভাবে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত করছে। ঘটনাস্থলে পেট্রলবোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। বাড়িটি দীর্ঘদিন পরিত্যক্ত ছিল এবং বৈদ্যুতিক ওয়্যারিং পুরোনো হওয়ায় শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাই প্রাথমিকভাবে বেশি বলে ধারণা করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের পর বৃহস্পতিবার সন্ধ্যার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন নুসরাত তাবাসসুম। তিনি লেখেন, ‘বাচ্চাসহ ৬–৭ জন মানুষ, একাধিক গবাদিপশুর বসবাসসহ একটি বসতবাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী! পেট্রলের পোড়া গন্ধে ভরা একটা ধ্বংসস্তূপকে বলে দিলেন শর্টসার্কিটের ফলাফল!’
তিনি আরও লেখেন, ‘আসলে কয়েক কোটির রাজকীয় ফ্ল্যাট না থাকলে আর কারও বসতবাড়িকে পরিত্যক্ত মনে হতেই পারে! সবাই তো আর দেশান্তরে থেকেও কয়েক গুণ সম্পত্তি বাড়িয়ে ফেলতে পারে না।’
পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তাঁর বিশ্বাস, এ হামলা আওয়ামী লীগের লোকজন করেছে। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কেন ঘটনাটিকে লঘু করে দেখাতে চাইলেন, সেই প্রশ্নও তোলেন তিনি। এ ছাড়া নিজের বাড়ি পরিত্যক্ত হলে তাবি এফবিএস, ফার্মগেটের বাস কিংবা কমলাপুর রেলস্টেশনও পরিত্যক্ত কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন নুসরাত। পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘ছিঃ!’
*পরিবারের ক্ষতি*
নুসরাতের খামার দেখাশোনার দায়িত্বে থাকা জালাল হোসেন বলেন, খামারে নয়টি বড় গরু, ছাগল, হাঁস-মুরগি ও কবুতর ছিল। আগুন লাগার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় গবাদিপশুগুলো বের করে আনা হয়। তবে আগুনে পুড়ে ছাগল মারা গেছে।
বাড়িটিতে বসবাসকারী কেয়ারটেকার শাহ আলম সাবান বলেন, ‘রাতে ঘুমিয়ে ছিলাম। কয়েকটি বিকট শব্দ শোনার পর দেখি ঘরে আগুন লেগেছে। পরে এলাকার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনে আমার পরিবারের সবকিছু পুড়ে গেছে। এখানে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতাম।’
নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিম টম বলেন, ‘আমরা রাতের খাবার খেয়ে বসে গল্প করছিলাম। এর মধ্যে বিকট শব্দে আমাদের ঘরের জানালা কেঁপে ওঠে। পরে আগুন লাগার বিষয়টি জানতে পারি। আগে আমরা ওই বাড়িতেই থাকতাম। এটি আমাদের পৈতৃক বাড়ি।’