ফিফা বিশ্বকাপকে ঘিরে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য শোভাযাত্রা, বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ
সালাম হোসেন, ঝিনাইদহ।
ফিফা বিশ্বকাপ ২০২৬-কে সামনে রেখে ঝিনাইদহে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মানবিক উদ্যোগের আয়োজন করেছে ঝিনাইদহ আর্জেন্টিনা ফ্যান ক্লাব। শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টায় ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত এ শোভাযাত্রায় অংশ নেন শতাধিক আর্জেন্টিনা সমর্থক। একই সঙ্গে দেশের বন্যাদুর্গত মানুষের সহায়তায় তহবিল সংগ্রহ কর্মসূচিও পালন করা হয়। শোভাযাত্রাটি ঝিনাইদহের উজির আলী ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বর, কেসি কলেজ সড়ক হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। আর্জেন্টিনার জাতীয় পতাকা, জার্সি এবং বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে সমর্থকদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শোভাযাত্রা শেষে বন্যাদুর্গত মানুষের সহায়তায় তহবিল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ক্লাবের সদস্যরা শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের কাছ থেকে স্বেচ্ছা অনুদান সংগ্রহ করেন। সংগৃহীত অর্থ আস-সুন্নাহ ট্রাস্ট-এর মাধ্যমে বন্যাকবলিত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে আয়োজকরা জানান। এ সময় উপস্থিত ছিলেন- ঝিনাইদহ আর্জেন্টিনা ফ্যান ক্লাবের অ্যাডমিন আহসান হাবিব রনক, ইমরান হোসেন, শাহিনুর রহমান লিটন, শাজাহান নবীন, জিকু হাসান, সুলতান আল এনাম, জাহান লিমন, সামি, তরিকুল ইসলাম, মমিনসহ ক্লাবের বিপুল সংখ্যক সদস্য ও সমর্থক। আয়োজকরা জানান, ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বার্তা পৌঁছে দিতেই এই ব্যতিক্রমী আয়োজন। খেলাধুলার আনন্দের পাশাপাশি মানবিক কর্মকাণ্ড অব্যাহত রেখে ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।