১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান। আগামী ২৭ এপ্রিল (সোমবার) সন্ধ্যা থেকে সম্প্রচার কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি।
রোববার (২৬ এপ্রিল) হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন।
জানা গেছে, সম্প্রচার শুরুর ৪ বছরের মাথায় ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা ৭টার সংবাদ শুরুর ঠিক আগের মুহূর্তে চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় চ্যানেল ওয়ান বন্ধ হয়েছে বলে দাবি করে প্রতিষ্ঠানটি। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তখন হাইকোর্টে আবেদন করা হলেও চ্যানেল বন্ধের আবেদনটি তখন খারিজ হয়ে যায়। ফলে এক অনিশ্চিত গন্তব্যের দিকে যাত্রা করে চ্যানেল ওয়ান।
গিয়াসউদ্দিন আল মামুন বলেন, ‘চব্বিশের জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও শুরু হয় চ্যানেল ওয়ান সম্প্রচারের অধিকার ফিরে পাওয়ার লড়াই। অবশেষে এই লড়াইয়ে আমরা সফল হই।’ চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি ২০১০ সালে যে সিদ্ধান্ত দিয়েছিল, গত বছরের ২৪ ফেব্রুয়ারি তা স্থগিত করে আপিল বিভাগ। এর ফলে চ্যানেল ওয়ান সম্প্রচারে সকল আইনি বাধা দূর হয় বলে জানান তিনি।
সম্প্রচারে আসার বিষয়ে তিনি বলেন, ‘২৭ এপ্রিল (সোমবার) সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে পুনরায় বাণিজ্যিক সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান। ২৭ এপ্রিল বেছে নেয়ার কারণ হলো, ১৬ বছর আগে ঠিক এই দিন এই ক্ষণে চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ যেই দিন যেই ক্ষণে বন্ধ, ঠিক সেই দিন সেই ক্ষণে ফিরে আসা।’ আগের যাত্রায় সংবাদে যেরকম দলনিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও সাহসের ছাপ রেখেছিলাম, এবং যে কারণে চ্যানেল ওয়ান দর্শক জনপ্রিয়তার শীর্ষে ছিল, এবারও সেই একই পথেই চলবে বলে জানান চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক।