মিরপুরে এক রাতে ৩টি রাইস মিলের ৫টি বৈদ্যুতিক মিটার চুরি, বিকাশে টাকা দাবী
আশিক আলী, মিরপুর।।
কুষ্টিয়ার মিরপুরে একই রাতে একযোগে ৩টি রাইস মিলের পাঁচটি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। এতে চরম বিপাকে পড়েছেন মিল মালিকরা, বন্ধ রয়েছে উৎপাদন।
শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় মিরপুর পৌর এলাকার টিএনটি রোডে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মিল ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত মিলগুলোর কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছিল। ধারণা করা হচ্ছে, গভীর রাতে কোনো এক সময় সংঘবদ্ধ চোর চক্র একে একে ৩টি মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটারগুলো উপড়ে নিয়ে যায় এবং সেখানে একটি বিকাশ নাম্বার দিয়ে লিখে রেখে যান উক্ত নাম্বারে টাকা দিলেই মিটার ফেরত আসবে।
এর মধ্যে টিএনটি রোডের মন্ডল রাইস মিলের ২টি, সত্যেন রাইস মিলের ২টি ও শুকুর রাইস মিলের ১টি থ্রি-ফেজ বাণিজ্যিক মিটার চুরি হয়েছে।
শনিবার সকালে মিল চালু করতে গিয়ে মালিক ও শ্রমিকরা মিটার চুরির বিষয়টি টের পান। ব্যস্ততম এই এলাকায় এক রাতে পাঁচটি মিটার চুরির ঘটনায় স্থানীয় অন্যান্য ব্যবসায়ী ও মিল মালিকদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী মিল মালিকরা জানান, মিটার চুরির ফলে মিলের উৎপাদন সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে তাদের মোটা অঙ্কের আর্থিক লোকসান গুনতে হচ্ছে। নতুন মিটার সংযোগ পেতে কতদিন লাগবে তা নিয়ে তারা চরম দুশ্চিন্তায় আছেন।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাই নাই, তবে মিটার চুরি হয়েছে শুনেছি। শুনার সাথে সাথেই তদন্ত কাজ শুরু করেছি। মিটার উদ্ধার ও চোর ধরতে কাজ চলছে।
এদিকে স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা এই চোর চক্রের সদস্যদের দ্রুত গ্রেপ্তার এবং টিএনটি রোডসহ মিরপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও রাতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জোর দাবি জানিয়েছেন।