হঠাৎ পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়, জল্পনা-গুজবে উদ্বিগ্ন জেলাবাসী
পাভেল আজিম::::
কুষ্টিয়া জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে রবিবার হঠাৎ করেই মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। জ্বালানির মূল্যবৃদ্ধি কিংবা সরবরাহে বিঘ্ন ঘটতে পারে—এমন জল্পনা-গুজব ছড়িয়ে পড়ার পর অনেকেই আগাম জ্বালানি নিতে পাম্পে ভিড় করেন।
পেট্রোল পাম্পগুলোতে গিয়ে দেখা যায়, স্বাভাবিক সময়ের তুলনায় ক্রেতার সংখ্যা কয়েকগুণ বেশি। দীর্ঘ সময় অপেক্ষা করে জ্বালানি সংগ্রহ করতে হয়েছে অনেককে। এতে যানজট ও ভোগান্তিও সৃষ্টি হয়।
আজ সন্ধ্যায় থেকে মাঝ রাত পর্যন্ত জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায়, তেল নেওয়ার জন্য চালকদের জটলা তৈরি হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, কিছু পাম্পে তেল মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি বন্ধ রাখা হয়েছে।
তবে কুষ্টিয়া এক পেট্রল পাম্প মালিক বলেন, জেলায় জ্বালানি তেলের কোনো সংকট নেই। ডিপো থেকে সরবরাহ স্বাভাবিক রয়েছে।
কিছু পাম্প মালিক তেল বিক্রি বন্ধ রেখেছেন— এমন খবর পাওয়া গেছে, যা অনৈতিক বলে তিনি মন্তব্য করেন। তিনি চালকদের আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার পরামর্শ দেন।
কিছু চালকের অভিযোগ,এ পরিস্থিতির সুযোগ নিয়ে ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করছেন। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে সরবরাহে কোন সমস্যা নেই।
তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে যাচাই করা তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় সচেতন মহল বলছে, গুজবের কারণে অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি হলে সাধারণ মানুষ যেমন ভোগান্তিতে পড়েন, তেমনি স্বাভাবিক সরবরাহ ব্যবস্থাও সাময়িকভাবে চাপে পড়ে। তাই এ ধরনের পরিস্থিতিতে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন তারা।