ইবি থানা প্রেসক্লাবে প্রথমবারেন মতো ঈদ উপহার বিতরণ: সদস্যদের মাঝে উৎসবের আমেজ
তিতাস আহম্মেদ
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা প্রেসক্লাব পুনর্গঠনের পর প্রথমবারের মতো সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে বিত্তিপাড়া বাজারস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার তুলে দেওয়া হয়। এতে ক্লাবের সদস্যদের মধ্যে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা আবু বকর সিদ্দীক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি নূরুন্নবী বাবু, বর্তমান সভাপতি রাজ্জাক মাহমুদ রাজ এবং সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল। তারা যৌথভাবে ক্লাবের ৩৩ জন সদস্যের হাতে ঈদ উপহার তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠিত এই প্রেসক্লাবটি দীর্ঘ সময় পর নতুন উদ্যমে সংগঠিত হয়েছে। অল্প সময়ের মধ্যেই ক্লাবটি সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। ঈদ উপহার বিতরণের এই উদ্যোগ সদস্যদের মধ্যে ঐক্যের বন্ধন আরও দৃঢ় করবে। আগামীতেও সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও কল্যাণে এ ধরনের ইতিবাচক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৫ মার্চ রাজ্জাক মাহমুদ রাজকে সভাপতি এবং শাহারিয়া ইমন রুবেলকে সাধারণ সম্পাদক করে ইবি থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়। দায়িত্ব গ্রহণের মাত্র দুই সপ্তাহের মধ্যেই ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণের মতো সফল কর্মসূচি বাস্তবায়ন করায় সাধারণ সদস্যদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া পড়েছে।