সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত টাঙ্গাইলের সখীপুর উপজেলার প্রবাসী মোশারফ হোসেনের (৩৮) লাশ আজ শুক্রবার সকালে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে বেলা দুইটার দিকে তাঁর লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।
নিহত মোশারফ হোসেন সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্তনখোলা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। ৮ মার্চ বাংলাদেশ সময় রাত নয়টার দিকে তিনি সৌদি আরবের আল-খার্জ এলাকার একটি কম্পাউন্ডের আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন।
মোশারফের বাবা সুজাত আলী বলেন, ‘আমার ছেলেকে তো আর জীবিত দেখতে পেলাম না। তার লাশটা এসেছে, এটাই শান্তি।’
গজারিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ ফ্লাইটে মোশারফ হোসেনের লাশ পৌঁছায়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে বেলা দুইটার দিকে গ্রামের বাড়িতে আনা হয়।
সখীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিকদার মো. সবুর রেজা লাশ গ্রহণ করতে মোশারফের স্বজনদের সঙ্গে ঢাকায় যান। তিনি মুঠোফোনে বলেন, ‘আমাদের সঙ্গে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান রয়েছেন। মন্ত্রী মহোদয় মোশারফের দুই ছেলের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন। দলীয়ভাবেও আমরা সব সময় ওই পরিবারের পাশে থাকব।’